খেলাধুলা | 06.06.2008
ইউরো ২০০৮-এর প্রাক্-সন্ধ্যায়
ইউরো ২০০৮-এর চূড়ান্ত পর্যায় শুরু হতে আর বেশী দেরী নেই৷ কাজেই মৌখিক আস্ফালন এবং পেশীপ্রদর্শন ছেড়ে এখন সব অংশগ্রহণকারী দেশকেই সামনে গ্রুপের খেলার কথা ভাবতে হচ্ছে৷
এবার চ্যাম্পিয়ন কে হবে, এ প্রশ্ন উঠলে প্রথমেই আসে ঐ তিনটি বাঁধা নাম – ইতালী, ফ্রান্স আর জার্মানী৷ সঙ্গে, একটু থেমে, যোগ করতে হয় স্পেন আর দ্য নেদারল্যান্ডস্৷ কিন্তু ২০০৪ সালে জার্মান কোচ অটো রেহাগেলের গ্রীস টিম চরম ডিফেন্স কা’কে বলে, সেই খেল দেখানো ইস্তক এই ইওরো চ্যাম্পিয়নশিপ সম্পর্কে বোধহয় কোনো ভবিষ্যদ্বাণী না করাই ভালো৷
এবারকার গ্রুপ অফ ডেথ বা মরণ গ্রুপ হল গ্রুপ সি, ইতালী, ফ্রান্স, দ্য নেদারল্যান্ডস্ আর রুমানিয়া যে গ্রুপে৷ আর রুমানিয়ার যদি বা এড্রিয়ান মুটুর মতো একটা জোরদার প্লেয়ার থেকেও থাকে, তবে তারও নাকি ২০০৪ সালে চেলসি’তে থাকাকালীন কোকেন কেলেঙ্কারীর দরুণ এই বেশী নয়, ১২ মিলিয়ন ইওরো জরিমানা দিতে হবে৷
স্পেনের এবার স্কোয়াড খুবই ভালো, প্রতিবারেই যা বলা হয়ে থাকে৷ তবে পেরু এবং মার্কিণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ার্ম-আপ খেলায় এ্যাতো ভালো দলটা অতো সাদামাটা খেলল কেন, তা বোঝা গেল না৷ ওদের সবচেয়ে বড় মাথাব্যাথা সম্ভবতঃ কোচ লুইস আরাগোনেসকে নিয়ে, যিনি খোদ রাউলকে বাদ দিয়ে বসে আছেন, যে রাউলকে আবার তাঁর সতীর্থ খেলোয়াড়রা এবার স্পেনের প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচন করেছে৷
ফ্রান্সের কোচ রেমঁ দমেনেক বলছেন, যে তাঁর দল নাকি এবার বিশেষ একটা কিছু করে ফেলবে৷ সোমবারে তাদের রুমানিয়ার বিরুদ্ধে ওপেনিং ম্যাচ৷ এবং ইনজুরী লিস্টে এখন শুধু ক্যাপটেন পাত্রিক ভিয়েইরাকে পড়ে আছেন৷
জার্মান কোচ ইউআখিম লোয়েভ বলছেন, জার্মানরা ২০০৪ যাবত্ কৌশল, শারীরিক পটুতা এবং সংগঠন, তিনটি ক্ষেত্রেই উন্নতি করেছে৷ তাছাড়া জার্মানদের অফেন্সে মিরোস্লাভ ক্লোজ়ে আছে কি করতে - যাঁর আবার ঐ পোল্যান্ডেই জন্ম৷
ওলন্দাজরা প্রতিবারের মতো এবারও অফেন্সের কাঁড়ি কাঁড়ি প্রতিভাধর প্লেয়ার নিয়ে ইওরোয় যাচ্ছে৷ তবে ডিফেন্স অথবা ডিফেনসিভ মিডফিল্ড এবারও নড়বড়ে৷
শনিবার টুর্নামেন্টের শুরু সুইজ়ারল্যান্ডের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের খেলা দিয়ে৷ প্রবীণ চেক কোচ কারেল ব্রুকনার বলছেন, কারেল পোবোরস্কি আর পাভেল নেডভেড অবসর নেওয়া সত্ত্বেও, এবং ক্যাপ্টেন টমাস রোসিচকি আহত হওয়া সত্ত্বেও নাকি চেকরা এবার ২০০৪-এর মতোই শক্তিশালী৷ – ওদিকে সুইজ়ারল্যান্ডের আশা-ভরসা বলতে ঐ ট্রানকুইলো বারনেট্টা, যে আবার জার্মানীর বায়ার লেভারকুজ়েনের হয়ে খেলে৷ আলেক্সান্ডার ফ্রাই যাবার পর এই বারনেট্টাই হল সুইশদের আইডল৷
রবিবার যাতে ক্লাগেনফুর্টে জার্মানী আর পোল্যান্ডের মধ্যে খেলা নিয়ে দু’পক্ষের ফ্যানদের খন্ডযুদ্ধ না বাঁধে, সেজন্য অস্ট্রিয়া দশগুণ বেশী পুলিশ নিয়োগ করছে, সেই সঙ্গে ৭০টা ভিডিও ক্যামেরা৷ সাথে থাকছে ৪০০ জার্মান পুলিশ এবং পোল্যান্ডেরও কিছু পুলিশ৷





























