খেলাধুলা | 20.06.2008
ভিয়েনায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও তুরস্ক
ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুক্রবার ভিয়েনায় মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও তুরস্ক৷ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে জায়গা করে নেয়া ক্রোয়েশিয়া কি পারবে আত্মবিশ্বাসে ভরপুর তুরস্ককে হারিয়ে সেমিফাইনালে উঠতে৷
ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে শুক্রবারের ম্যাচে ঠিক হবে আগামী বুধবার সেমিফাইনাল জার্মানির বিপক্ষে খেলবে কোন দল৷ গ্রুপ পর্বে পুরো নয় পয়েন্ট নিয়েই শেষ আটে নাম লিখিয়েছে ক্রোয়েশিয়া যেখানে জার্মানিকেও তারা হারিয়েছিলো৷ তাই জার্মানি কি চাইবে আবারও ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে? নাকি শেষ তিন মিনিটে দুগোল দিয়ে চেকদের হারিয়ে ইতিমধ্যেই কামব্যাক কিং খেতাব পাওয়া তুরস্কের মোকাবেলা করতেই তারা পছন্দ করবে?
কেননা জার্মানদের মত তুর্কিরাও খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করে৷ তবে সেমিফাইনালের প্রতিপক্ষ কে হবে তা ঠিক করে দেয়া তো আর জার্মানির কাজ নয়৷ সেটা নির্ভর করছে ক্রোয়েশিয়া ও তুরস্কের ওপর৷ তবে ইতিমধ্যে গ্রুপ পর্বে টানা তিন জয় পেয়ে ফুটবল বোদ্ধাদের কাছ থেকে যথেষ্ট সমীহ আদায় করে নিয়েছে ক্রোয়েশিয়া৷ এরপরও দলের কোচ স্লাভেন বিলিচ বললেন, আমরা এতে তুষ্ট নই এবং আমরা থামবোও না৷ দলের ধারাবাহিক পারফরম্যান্সে ইতিমধ্যে সমর্থকদের প্রত্যাশার যে চাপ সৃষ্টি হয়েছে তা স্বীকার করে তিনি আরও জানালেন, এ চাপই আমাদের আরও ভালো খেলতে সহায়তা করবে৷
এদিকে চেকদের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়ে শেষ আটে জায়গা করে নেয়া তুর্কিরা এখন টগবগ করছে আত্মবিশ্বাসে৷ দলের অধিনায়ক নিহাত কাহভেকি বলেছেন, তুরস্ক সেমিফাইনালে গেলে সেটা বাকিদের কাছে অলৌকিক মনে হলেও আমরা তা মনে করি না৷ তবে আজকের ম্যাচে আর কামব্যাক নয় বরং প্রথম গোলটি করতে চান তুর্কি অধিনায়ক৷
এদিকে আবারও সেই বাসটিয়ান শোয়েইন্সটাইগারের কাছেই হেরে গেলো পর্তুগাল৷ গত বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শোয়েইন্সটাইগারের দুর্দান্ত নৈপুন্যে হেরে গিয়েছিলো পর্তুগিজরা৷ বৃহস্পতিবার বাজেলে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালেও পর্তুগালের বিদায় ঘন্টা বাজিয়ে দিলেন জার্মান এ মিডফিল্ডার৷ প্রথম গোলটি করেছেন, দ্বিতীয় গোলটিও এসেছে তার ফ্রি কিক থেকে৷ তাই খেলা শেষে তার প্রতিক্রিয়াও ছিলো বাকিদের চেয়ে বেশী আনন্দের৷ এদিকে এ ম্যাচের মধ্য দিয়ে বিদায় নিলেন পর্তুগালের কোচ লুই ফিলিপ স্কোলারি৷ আসছে মৌসুমে ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব নেবেন তিনি৷ যেখানে খেলছেন বর্তমান জার্মান দলের অধিনায়ক মিশায়েল বালাক৷





























