1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 21.06.2008

ইউরো ২০০৮-এ তুরষ্কের আবার ভেলকি

ভিয়েন্নার পেনাল্টি শুট-আউটে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠল তুরষ্ক৷ আগামী বুধবার বাসেলে জার্মানীর মুখোমুখি হবে তারা৷

তুরষ্কের কোচ ফাতি তেরিম তুর্কীদের শেষ খেলার পরেও বলেছিলেন, যে তাদের সবচেয়ে বড় গুণ হল, যে তারা কখনো হাল ছাড়ে না৷ কোচের কথার সত্যতা তৃতীয়বার প্রমাণ করল তাঁর তুর্কী একাদশ, শুক্রবার ভিয়েন্নায় ক্রোয়েশিয়াকে হারিয়ে৷ খেলাটি ছিল এমন একটি উপন্যাস, যার প্রথম এবং দ্বিতীয় খন্ডটা নিতান্ত বোরিং হলেও, উপসংহারটা সত্যিই রুদ্ধশ্বাস, জমজমাট৷

 

একবার নয়, দুবার নয়

 

মনে রাখা দরকার, এই তুরষ্ক, যারা আগামী বুধবার বাসেলে সেমিফাইনালে জার্মানীর টক্কর নেবে, তারা গ্রুপ পর্যায়ে তাদের প্রথম ম্যাচে হারে পোর্তুগালের কাছে৷ সুইটজ়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে যাবার সময়েও ফলাফল ছিল ১-১৷ কিন্তু আরদা তুরান শেষ মুহুর্ত্তে নেটে বল ঝুলিয়ে দিয়ে তুরষ্ককে জিতিয়ে দেন৷ শেষ গ্রুপ ম্যাচ ছিল চেক গণরাজ্যের বিরুদ্ধে৷ ৭৪ মিনিটের মাথাতেও চেকরা ২-০ গোলে এগিয়ে ছিল৷ খেলার তিন মিনিট থাকতে স্কোর ২-১৷ এই পরিস্থিতিতে নিহাট কাভেচি পর-পর দুটি গোল করে জয় ছিনিয়ে আনেন৷

 

বার বার তিনবার

 

শুক্রবারও তাই৷ বিরক্তিকর, গোলশূন্য ৯০ মিনিটের খেলার পর এক্স্ট্রা টাইম৷ ১১৯ মিনিটের মাথায় তুর্কী গোলকীপার রুস্তু রেচ্‌বেরের ভুলে ক্রোয়েশিয়ার লুকা মড্রিচের গোল প্রায় সাডেন ডেথের সমগোত্রীয় বলা চলে৷ এক্স্ট্রা টাইমেরও এক মিনিট এক্স্ট্রা টাইম ততোক্ষণে শেষ হয়ে গেছে৷ ঐ রুস্তুই শেষ প্রচেষ্টায় বলটাকে স্কাই করে সোজা ৭০ মিটার ক্রোয়াটদের গোলের দিকে পাঠান৷ বল মাটিতে পড়ার আগেই এমরে আসিক দুজন ক্রোয়াট ডিফেন্ডারের মাথার উপর ঝলসে উঠে বলটাকে কোনোক্রমে মাটিতে ফেলেন৷ এবং সেমি সেনতুর্ক ডাইনে-বাঁয়ে না দেখে এক শটে বলটিকে নেটে ক্র্যাশ করান৷ অতঃপর পেনাল্টি শুট-আউটে তুরষ্কের জেতাটা পৃথীবির সবচেয়ে স্বাভাবিক ব্যাপার মনে হওয়াটায় অস্বাভাবিক কিছু নেই, যেমন নেই বজ্রাহত ক্রোয়াটদের তিন-তিনটি পেনাল্টি মিস করায়৷

 

যাদুকাঠি নয়, চাবিকাঠি

 

জার্মানীর বায়ার্ন মিউনিখ ক্লাবের খেলোয়াড় এবং শুক্রবার ও তার আগে তুর্কী একাদশের স্তম্ভ বিশেষ, মাঠে অক্লান্ত কর্মী হামিট আল্টিন্‌টপের মতে, তুর্কীরা বিগত তিনটি ম্যাচে যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, তাতে প্রমাণ হয়, যে দলটি পরিপক্ক না হলেও, সঠিক পথেই চলেছে৷ এবং পেনাল্টি শুট-আউটের ক্ষেত্রে তুর্কী খেলোয়াড়রা যে মাথা ঠান্ডা রাখতে পেরেছে, সেটাই বড় কথা৷ কেননা অতীতে ওটাই ওদের একটা বড় সমস্যা ছিল৷

 

অরুণ শঙ্কর চৌধুরী

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen