1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 23.06.2008

স্পেন ইতালীকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সেমিফাইনালে

খেলার বদলে পরিখাযুদ্ধ হলে দুপক্ষের দুই গোলকীপারের একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়, যেমন হলেন স্পেনের ইকার কাসিয়াস৷

ইতালী বনাম স্পেন বলে কথা৷ প্রত্যাশা ছিল বৈকি৷ একদিকে স্পেনের তরুণ টিম এবার অদ্ভূত ফর্ম দেখাচ্ছে৷ অপরদিকে ইতালীয়রা চিরকালই যেমন ঝানু, তেমনই ঘাঘু৷ অতএব খেলা জমবে কি জমবে না, সেটা নির্ভর করবে ট্যাকটিক্‌স্‌-এর ওপর৷ ইতালীর প্রথাগত রণকৌশল হল নিশ্ছিদ্র ব্যূহ তৈরী করে বিপক্ষের ভুল অথবা নিজেদের একটা গোলের সুযোগের জন্য অপেক্ষা করা৷ রবিবার দর্শকদের সেই আশঙ্কাটাই সত্য প্রমাণিত হল৷

 

শুধু টেক্‌নিক, ট্যাকটিক্‌স্‌ আর স্ট্র্যাটেজীতে ফুটবল হয় না

 

কাজেই তথাকথিত বিউটিফুল গেমের বারোটা বাজাল এই স্ট্র্যাটেজিস্টরা৷ অসম্ভব উচ্চ মানের পাসিং, রিসিভিং, স্টপিং সত্ত্বেও যেন বাতাস নড়ে না৷ ইতালীয়রা প্রতিরক্ষায় ব্যস্ত, আর স্পেনীয়রা পরষ্পরকে বল ঠেলাঠেলি করছে৷ মাঝেমধ্যে একটু ভুয়ো রোমাঞ্চ৷ ধরা যাক আমব্রোজ়িনির ক্রসে পেরোট্টার দুর্বল হেডিং৷ অথবা গোলের সামনে ফেরনান্ডো টরেস কি ডেভিড সিলভার হৈ হৈ এবং হায় হায়৷ অথবা বায়ার্ন মিউনিখের লুকা টোনির আপ্রাণ গোলের প্রচেষ্টা৷ সব মিলিয়ে কিন্তু অচলাবস্থা৷ এবং সেইভাবে হামাগুড়ি দিতে দিতেই এই বিরক্তিকর কোয়ার্টারফাইনাল পৌঁছে গেল পেনাল্টি শুট-আউট তথা সেমিফাইনালের দোরগোড়ায়৷

 

পা বনাম হাত যোগ কপাল

 

হাত দুটো স্পেনের ইকার কাসিয়াসের, যার পেনাল্টিতে এমনিতেই সোনা বাঁধানো হাত৷ এবারেও ইতালীর ড্যানিয়েল ডে রস্সি আর আন্টোনিও ডি নাটালের দুটো পেনাল্টি বাঁচালেন৷ তারপর একুশ বছরের চেস ফাব্রেগাস, যে আর্সেনালে খেলে এবং যে নাকি পনেরো বছর বয়স হবার পর আর কখনো ম্যাচে পেনাল্টি নেয়নি, সে অবলীলাক্রমে একটি স্পট-কিক করে খেলা শেষ করে দিল, অর্থাত্ স্পেনকে জিতিয়ে দিল৷ সেই সঙ্গে স্পেনেরও শাপমুক্তি ঘটল৷ যে স্পেন বড় টুর্নামেন্টের শেষের দিকে দম হারিয়ে ফেলে৷ যে স্পেন পেনাল্টিতে হেরেই থাকে৷ যে স্পেন ইতালীর বিরুদ্ধে কোনোকালেই জেতে না, অন্ততঃ বিশ্বকাপ কি ইউরো চ্যাম্পিয়নশিপে তো নয়ই৷ সেই স্পেনই সব ফাঁড়া কাটিয়ে উঠে সেমিফাইনালে উঠল, যেখানে তারা রাশিয়ার মুখোমুখি হবে, যে রাশিয়াকে তারা গ্রুপের প্রথম খেলাতেই ৪-১ গোলে হারিয়েছিল৷

 

মুশকিল এই, যে রাশিয়ারও আবার ইত্যবসরে শাপমুক্তি ঘটেছে৷

 

অরুণ শঙ্কর চৌধুরী

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen