খেলাধুলা | 01.07.2008
ইউরো ২০০৮ ও …ভদ্র– ফুটবলপ্রেমীরা
এবারের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতায় ফুটবল ফ্যানদের আচরণ প্রশংসা কুড়চ্ছে৷ ইউরোপের ক্লাব-ফুটবলের অনেক ফ্যানের তাণ্ডবের চিত্রকে ম্লান করে দিয়েছে তারা৷
যে কোনো উত্সব শেষ হয়ে গেলেই কেমন যেন এক শূন্যতার সৃষ্টি হয়৷ প্রায় ১ মাস ধরে ইউরো ২০০৮ নিয়ে ফুটবলপ্রেমীরা মেতে ছিলেন৷ ফাইন্যালে স্পেনের জয়ের পর এখন তাঁরা কী করবেন? এবারের প্রতিযোগিতায় এমন একটা বিষয় লক্ষ্য করা গেছ, যা হয়তো এতদিন সেভাবে উল্লেখ করা হয় নি৷ যে ইউরোপে ফুটবলকে কেন্দ্র করে বার বার ফ্যানদের হিংস্র তাণ্ডব দেখা গেছে, এমনকী হতাহতের ঘটনাও ঘটেছে - ইউরো ২০০৮ চলাকালীন সেই ইউরোপের ফুটবল প্রেমীরা কিন্তু একেবারে …ভাল ছেলে–-র ভূমিকা পালন করেছেন৷ UEFA-র জনসংযোগ অধিকর্তা উইলিয়াম গাইয়ার্ড লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীদের আচরণের প্রশংসা করেছেন৷ এঁরা অস্ট্রিয়া ও সুইজ়ারল্যান্ডে এসেছেন হয় মাঠে খেলা দেখতে - কিংবা ফ্যান জ়োনে বাকিদের সঙ্গে উচ্ছ্বাসে নিজেদের ভাসিয়ে দিয়েছেন৷ এবারের প্রতিযোগিতার স্লোগান …Respect– শব্দটিকে তাঁরা যথার্থভাবেই মর্যাদা দিয়েছেন৷ জাতীয় সঙ্গীত চলাকালীন বাকিদের দুয়ো রব শোনা যায় নি, ফ্যানদের মধ্যে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি৷ খেলোয়াড়রাও মোটামুটি ভদ্র আচরণ করেছেন৷ মোট ৩১টি ম্যাচে রেফারীকে মাত্র ৩ বার রেড কার্ড দেখাতে হয়েছে৷ এই দৃষ্টান্ত কী ভবিষ্যতেও অনুসরণ করা সম্ভব?





























