চলতি ঘটনা | 08.07.2008
মিশাইল ডিফেন্স রাডার স্থাপনে যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্রের চুক্তি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস ও চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী কারেল শোয়ারজেনবার্গ মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ রাশিয়া এই চুক্তির বিরোধীতা করেছে৷
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্রের মাটিতে একটি রাডার স্থাপন করবে৷
রাইস বলেছেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রই নয় ন্যাটো তথা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এই রাডারটি স্থাপন করা জরুরী৷
এর আগে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের মত কিছু দেশের আক্রমন থেকে রক্ষা পেতে রাডারটি বসানো হবে৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: চুক্তি স্বাক্ষর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস ও চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী কারেল শোয়ারজেনবার্গ
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মিরেক তপোলানেক বলেছেন এই চুক্তি একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে দুই দেশের যৌথ প্রচেষ্টারই একটি অংশ৷
এদিকে চেক প্রজাতন্ত্রের প্রতিবেশী পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বসানো নিয়ে পোল্যান্ড সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গত ১৪ মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে৷
যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ বলে আখ্যায়িত করেছে৷ এ প্রসঙ্গে রাইস রাশিয়াকে আশ্বস্ত করে বলেন, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে রাডার স্থাপনের কাজ শেষ হবার পর রাশিয়া চাইলে, যে কোনো সময় সেখানে পরিদর্শক দল পাঠাতে পারে৷
উল্লেখ্য, চেক প্রজাতন্ত্রের রাডারটির উপর নজর রাখার জন্য রাশিয়া একটি স্থায়ী পরিদর্শক দল পাঠাতে চায়৷ কিন্তু প্রাগ এর বিরোধীতা করেছে৷
এদিকে চুক্তি স্বাক্ষর করতে রাইস প্রাগে পৌঁছালে চেক সরকারের সিদ্ধান্তের বিরোধীতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷
প্রাগের পর রাইসের বুলগেরিয়া ও জর্জিয়া যাবার কথা রয়েছে৷
জর্জিয়া সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও জর্জিয়ার মধ্যে বিরোধ কমাতে চেষ্টা করবেন বলে জানা গেছে৷
উল্লেখ্য, জর্জিয়ার ন্যাটোর সদস্য হওয়া নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে৷
এছাড়া ন্যাটোর সদস্য হতে জর্জিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা রাইস পুনরায় ব্যক্ত করবেন বলে জানা গেছে৷
রাইস বলেন রাশিয়া জর্জিয়ার প্রতি গত কয়েক মাসে যে ধরনের মনোভাব প্রদর্শন করেছে তাতে ঐ অঞ্চলে সবসময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছে৷ তিনি বলেন জর্জিয়া একটি স্বাধীন রাষ্ট্র৷ সুতরাং দেশটিকে সেভাবেই বিবেচনা করতে হবে৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এটা পরিস্কার করে বলতে চাই যে জর্জিয়ার স্বাধীনতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব খুব স্পষ্ট৷
উল্লেখ্য, জর্জিয়ার ন্যাটোর সদস্য হবার পথে রাশিয়া সব সময় বাধা দিয়ে আসছে বলে জর্জিয়া অভিযোগ করে থাকে৷ অন্যদিকে, ভেঙ্গে যাওয়া অঞ্চল পুনরায় দখলে নিতে জর্জিয়া তত্পর বলে রাশিয়ার অভিযোগ রয়েছে৷
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বসানো নিয়ে আলোচনা প্রসঙ্গে রাইস বলেন যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে খুব ভালো প্রস্তাব দিয়েছে৷ এর ফলে পোল্যান্ডের আকাশসীমার নিরাপত্তা আরো জোরদার হবে বলে তিনি মনে করেন৷














