1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 08.07.2008

ভারতের জোট সরকারের উপর থেকে বাম দলগুলির সমর্থন প্রত্যাহার

ভারত-মার্কিন পরমাণু চুক্তির জের ধরে বাম জোট শেষ পর্যন্ত ক্ষমতাসীণ UPA জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে৷ জোটের প্রধান শরিক দল কংগ্রেস অবশ্য সরকারের স্থায়িত্ব নিয়ে চিন্তিত নয়৷

……ভারত-মার্কিন পরমাণু চুক্তি থেকে সরকার পিছু হঠছে না৷–– জাপানে G8 সম্মেলনে যাবার আগে প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর এই উক্তির পর বাম জোট মঙ্গলবার নতুন দিল্লীতে এক বৈঠকে মিলিত হয়ে সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে৷

সরকার ও বাম দলের সমন্বয় কমিটির আহ্বায়ক পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ বুধবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে তা জানানো হবে৷

বাম দলের প্রশ্ন, সরকার পরমাণু চুক্তির পূর্ণাঙ্গ বয়ান প্রকাশ না করে কেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-র কাছে যাচ্ছে? এই অভিযোগ খণ্ডন করে সংবাদ সম্মেলনে কংগ্রেস মুখপাত্র বীরাপ্পা মইলি বলেন, ভারত-কেন্দ্রীক রক্ষাকবচ চুক্তির সারাংশ বাম দলকে জানানো হয়েছে৷ চুক্তির পূর্ণাঙ্গ বয়ান জানতে চাইলে বলা হয়, সরকারে যোগ না দিলে সেটা জানানো রীতি নয়৷ কাজেই চুক্তির বয়ান না জানানোর অভিযোগ ভিত্তিহীণ৷ 

এদিকে বাম সমর্থন তুলে নেওয়ার পর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কৌশলগত নীতি নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বাসভবনে বসে দলের শীর্ষ নেতাদের বৈঠক৷ অন্যদিকে BJP-র নেতৃত্বে NDA জোটের বৈঠক বসবে বুধবার৷ মঙ্গলবার সকালে সমাজবাদী পার্টি সরকারকে সমর্থন করার কথা জানায়৷ উল্লেখ্য, সংসদে ঐ দলের ৩৯ জন সদস্য রয়েছে৷

দ্রুত আবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সাংসদ বেচাকেনার পালা তথা রাজনৈতিক সমীকরণ৷ অনেক পর্যবক্ষেকের মতে, সমর্থন তুলে নেওয়ার পর সরকার যদি এযাত্রায় টিকে যায়, সেক্ষেত্রে বাম দলগুলির লাভের তুলনায় লোকসানই হবে বেশী৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু প্রকল্পের ক্ষতি হতে পারে৷

 

অনিল চট্টোপাধ্যায়

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen