চলতি ঘটনা | 10.07.2008
রাশিয়া-জর্জিয়া সংকট নিরসনের আহবান
জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমাতে নতুন করে উদ্যোগ নেয়ার জন্য আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ অপরদিকে রাশিয়া আবারও জর্জিয়াকে সতর্ক করে দিয়েছে ন্যাটোর সদস্যপদ না নেয়ার জন্য৷
এদিকে রাশিয়ার জঙ্গী বিমানগুলো বৃহস্পতিবার জর্জিয়ার পার্শ্ববর্তী স্বায়ত্তশাসিত এলাকা দক্ষিণ ওসেটিয়ার ওপর বেশ কয়েকবার ঘুরপাক খায়৷ অপরদিকে রাশিয়াতে নিযুক্ত রাষ্ট্রদুতকে দেশে ফিরে আসতে বলেছে জর্জিয়া৷
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার সময় জর্জিয়ার দুটি প্রদেশ আবখাজিয়া ও দক্ষিণ ওসেতিয়া তাদের নিজেদেরকে আলাদা হিসেবে ঘোষণা করে৷ তবে এখনও পর্যন্ত জর্জিয়া এ দুটো প্রদেশকে নিজেদের বলে দাবি করে আসছে৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী সমস্যাটি সমাধানের জন্য নতুন করে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন৷
বৃহস্পতিবার জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাসভিলির সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ আহবান জানান৷ রাইস জর্জিয়ার সঙ্গে আবখাজিয়া ও দক্ষিণ ওসেতিয়ার সঙ্গে চলা বিরোধে অংশ নেয়ার পরিবর্তে তা নিষ্পত্তিতে উদ্যোগী হওয়ার জন্য রাশিয়ার প্রতিও আহবান জানিয়েছেন৷ রাইস বলেন, এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে জর্জিয়ার সীমান্ত অক্ষুন্ন রাখার নীতি অনুযায়ী আবখাজিয়া ও দক্ষিণ ওসেতিয়ার সঙ্গে বিরোধটি নিষ্পন্ন করা যা হবে শান্তিপূর্ণভাবে৷ আমরা মনে করি কোন পক্ষেরই সহিংসতায় যাওয়া উচিত নয়৷ একটি বন্ধুত্বপুর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এ বিরোধ নিষ্পত্তি করতে আমরা সবকিছুই করবো৷
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে যে মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া তা বেশ ভালো করেই জানেন জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলি৷ তবু রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি নিজ দেশের স্বার্থ রক্ষার কথাটাও বললেন তিনি৷
জর্জিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের একটি দৃঢ় বন্ধন রয়েছে৷ আমাদের মধ্যে রয়েছে আবেগ, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক৷ এবং আমরা আমাদের ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে রাশিয়ার সঙ্গে একটি ভালো সম্পর্ক আশা করি৷ যদিও আমরা একটি ছোট দেশ এরপরও আমাদের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রয়েছে৷
মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েকদিন থেকেই ন্যাটোর সম্প্রসারণের কথা জানিয়েছে৷ তারা ন্যাটোর নতুন সদস্য হিসেবে জর্জিয়া সহ রাশিয়ার প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে পেতে আগ্রহী৷ স্বাভাবিকভাবেই মার্কিন এ উদ্যোগের বিরোধীতা করছে রাশিয়া৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ জর্জিয়া সফর সেরকম উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা৷ কিন্তু রাইসের এ সফরের পাল্টা ব্যবস্থাও নেয়া শুরু করেছে রাশিয়া৷
বৃহস্পতিবার রাশিয়ার জঙ্গী বিমানগুলো জর্জিয়ার দক্ষিণ ওসেতিয়ার আকাশ সীমার মধ্যে বেশ কয়েকবার ঘুরপাক খেয়েছে৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবলিসির গরম মাথাগুলোকে ঠান্ডা করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ ইতিমধ্যে বৈঠক করেছেন আবখাজিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা সার্গেই বাগাপস্চ এর সঙ্গে৷ জর্জিয়ার সঙ্গে রাশিয়ার এমন আচরণ যে রুশ মার্কিন সম্পর্ক আরও তাতিয়ে তুলবে তা বলাই বাহুল্য৷

















