চলতি ঘটনা | 14.07.2008
বিশ্ব যুব সম্মেলনে পোপ ষোড়ষ বেনেডিক্ট
খ্রিস্টীয় ক্যাথলিক সম্প্রদায়ের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে লাখ লাখ মানুষ এখন সমবেত হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে৷ ইতিমধ্যে সেখানে পৌছেছেন পোপ ষোড়ষ বেনেডিক্ট৷
আগামী ২০শে জুলাই পর্যন্ত তিনি এই যুব সম্মেলনে অংশ নেবেন৷ পোপ বেনেডিক্ট জানিয়েছেন বিভিন্ন সময় পাদ্রীদের দ্বারা সংঘটিত শিশু নির্যাতনের ঘটনার জন্য তিনি এ সম্মেলনে সকলের কাছে ক্ষমা চাইবেন৷ এছাড়া বিশ্ব পরিবেশ নিয়েও কথা বলবেন তিনি৷
সারা বিশ্বে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস পালন করা হলেও ১৯৮৬ সাল থেকে খ্রিস্টীয় ক্যাথলিকরা আলাদা ভাবে পালন করে আসছে এ বিশ্ব যুব দিবস৷ ক্যাথলিকদের সাবেক ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পল এ বিশ্ব যুব দিবস চালু করেন৷ খ্রিস্টীয় ক্যাথলিক যুব সম্প্রদায়কে ধর্মের প্রতি উত্সাহিত করে তুলতে এ দিবসটি পালন করা হয়ে থাকে৷ এ উপলক্ষে প্রতি বছর বিশ্বের একেকটি শহরে সমবেত হয় ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: সিডনিতে পোপ ষোড়ষ বেনেডিক্টএবারও সিডনিতে শুরু হয়েছে এ দিবস উদযাপন৷ এ উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই সিডনিতে সমবেত হতে শুরু করেছে লাখ লাখ ক্যাথলিক বিশ্বাসী৷
এদিকে বিশ্বের এক বিলিয়নের বেশী ক্যাথলিক বিশ্বাসীদের বর্তমান ধর্মগুরু পোপ ষোড়ষ বেনেডিক্ট এ যুব সম্মেলনে যোগ দিতে সিডনি পৌছেছেন৷ আগামী ২০শে জুলাই সম্মেলনের শেষ দিন পর্যন্ত তিনি সিডনিতে অবস্থান করবেন৷ এসময় তিনি সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া ছাড়াও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷ তবে তার এ আগমন খ্রিস্টান পাদ্রীদের হাতে শিশুদের যৌন নির্যাতনের ইস্যুটিকে আবারও সামনে নিয়ে এসেছে৷ অস্ট্রেলিয়ান পাদ্রীদের হাতে অনেক শিশু যৌন নির্যাতনের শিকার হলেও এখনও পর্যন্ত বিষয়গুলোর কোন সুরাহা করেনি ভ্যাটিকান সিটি৷ তবে সেসব ঘটনার জন্য সম্মেলনের ভাষণে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন পোপ বেনেডিক্ট৷ সিডনিতে আসার সময় বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, গত এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের মত অস্ট্রেলিয়াতেও তিনি পাদ্রীদের হাতে শিশু নির্যাতনের ঘটনার জন্য ক্ষমা চাইবেন৷ ৮১ বছর বয়স্ক এ ধর্মগুরু বলেন, এসব সমস্যার সুরাহা করা এবং এমন ঘটনা প্রতিরোধ করা এখন চার্চের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে৷ এটা স্পষ্ট হওয়া উচিত যে এমন ঘটনা পাদ্রীদের জন্য প্রত্যাশিত নয়৷
তবে পোপের এসব বক্তব্যের পরও কিন্তু থেমে নেই পোপ বিরোধীরা৷ সমকামীতার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরতরা ইতিমধ্যেই নো টু পোপ নামে একটি জোট গঠন করেছে৷ তারা শিশুদের যৌন নির্যাতনকারী পাদ্রীদের শাস্তি দেয়ার দাবি জানানোর পাশাপাশি পোপের আগমনেরও প্রতিবাদ জানিয়ে যাচ্ছে৷ জন্মনিরোধের বিরুদ্ধে ভ্যাটিকান সিটির অবস্থানের বিরোধীতা করে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে আন্দোলনকারীরা৷
এদিকে এসব আন্দোলনকারীদের ঠেকাতে ইতিমধ্যে সিডনীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ সম্মেলন স্থলের আশপাশের অনেক রাস্তা বন্ধ করে দেয়া ছাড়াও কয়েক হাজার সিকিউরিটি ক্যামেরা বসানো হয়েছে৷ পোপের উপস্থিতির সময় যে কোন রকম প্রতিবাদ ঠেকাতে স্থানীয় পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার৷ এর ফলে বিক্ষোভকারী সন্দেহে যে কাউকে যে কোন সময় গ্রেফতার করতে পারবে পুলিশ৷ তবে পুলিশকে এরকম বাড়তি ক্ষমতা দেয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে আদালতে মামলা ঠুকে দিয়েছে পোপবিরোধী আন্দোলনকারীরা৷
এদিকে পোপের আগমনকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার মুসলমানরা৷ অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলের প্রেসিডেন্ট ইকবাল প্যাটেল এক বিবৃতিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে পোপ ষোড়ষ বেনেডিক্ট ছাড়াও সমবেত ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা পাঠিয়েছেন৷

















