1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 18.07.2008

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল আবখাজিয়া

জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়ার নেতারা জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভাল্টার স্টাইনমায়ারের শান্তি পরিকল্পনা খারিজ করে দিলেন৷ সীমান্তবর্তী শহর গালিতে স্টাইনমায়ারের সঙ্গে কথা বলেন বিচ্ছিন্নতাকামী নেতা সের্গেই বাগাপশ্৷

আবখাজিয়ার মর্যাদা নিয়ে কোন আলোচনা নয়, জানিয়ে দিয়েছেন বাগাপশ্৷ বলেছেন, আবখাজিয়া হল স্বাধীন এক রাষ্ট্র৷ রাশিয়ার সমর্থনপুষ্ট এই বিদ্রোহী অঞ্চল আর জর্জিয়ার মধ্যকার বিরোধ দূর করার লক্ষ্যে দু পক্ষে শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগ নিয়েছেন স্টাইনমায়ার৷ তিনি বলেছেন, সংকট যাতে আরো ছড়িয়ে না পড়ে তার দায়িত্ব সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের৷

জাতিসংঘ মিত্র গ্রুপের সমর্থনপুষ্ট তিন দফা শান্তি পরিকল্পনায় হিংসা পরিহারের পারস্পরিক ঘোষণা, নব্বই-এর দশকে আবখাজিয়া থেকে বিতাড়িত প্রায় ২৫ হাজার জর্জিয়ানের পুনর্বাসন এবং ঐ অঞ্চলে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যৌথ প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে৷ মিত্র গ্রুপে জার্মানি ছাড়া রয়েছে গ্রেট বৃটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া৷

স্টাইনমায়ার বলেছেন, দু পক্ষের অবস্থান পরস্পর থেকে অনেক দূরে৷ তবে সংলাপের উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে৷

১৯৯২ সালে আবখাজিয়া জর্জিয়া থেকে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে৷ তবে তার স্বাধীনতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় নি৷ জর্জিয়ার অভিযোগ, রাশিয়া এই অঞ্চল কুক্ষিগত করতে চায়৷ রাশিয়া অবশ্য এ অভিযোগের সত্যতা অস্বীকার করে আসছে৷ জাতিসংঘের আয়োজিত এক অস্ত্রবিরতির আওতায় ঐ অঞ্চলে রয়েছে প্রায় ৩০০০ সৈন্যের এক রুশ শান্তি মিশন৷

 

আব্দুল্লাহ আল-ফারুক

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (deutsch) - Mit Tagesthema