চলতি ঘটনা | 18.07.2008
সন্ত্রাস মোকাবেলায় সকল ধর্মের মানুষকে এক হওয়ার আহবান
সন্ত্রাস মোকাবেলায় বিশ্বের সকল ধর্মের মানুষকে এক হওয়ার আহবান জানিয়েছেন খ্রিষ্টীয় ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ষোড়ষ বেনেডিক্ট৷ শুক্রবার সিডনীতে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ আহবান জানিয়েছেন৷
হাজার হাজার খ্রিষ্টীয় ক্যাথলিকদের সমাবেশে এখন উত্সবমুখর হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার বন্দর নগরী সিডনি৷ ক্যাথলিক তরুণ তরুণীরা সেখানে মিলিত হয়েছেন বিশ্ব যুব দিবস উদযাপন করতে৷ উদ্দেশ বিশ্বব্যাপী শান্তি ও ধর্মের বাণী ছড়িয়ে দেয়া৷ তাদের এ উত্সবের মুল আকর্ষণ হয়ে সেখানে হাজির হয়েছেন ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ষোড়ষ বেনেডিক্ট৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: হাজার হাজার খ্রিষ্টীয় ক্যাথলিকদের সমাবেশে উত্সবমুখর সিডনি
শুক্রবার তিনি খ্রিস্টীয় নেতৃবৃন্দ ছাড়াও মুসলমান, ইহুদি সহ অন্যান্য ধর্মের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন৷ এসময় পোপ বেনেডিক্ট সন্ত্রাস মোকাবেলায় সকল ধর্মের মানুষকে এক হতে আহবান জানান৷ তিনি বলেন, অশুভ শক্তি ও বিভিন্ন সহিংসতার হুমকির মুখে পড়া এ বিশ্বকে রক্ষা করতে এখন সকল ধর্মের মানুষ দেশগুলোর প্রতি আহবান জানাচ্ছে যেন তারা তাদের সকল বিরোধ শান্তিপুর্ণ উপায়ে সমাধান করে৷ কেবল খ্রিষ্টীয় ধর্ম নয় অন্যান্য ধর্ম থেকেও শিক্ষা নেয়ার কথা বলেন পোপ বেনেডিক্ট৷
এদিকে পোপের আগমনকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সদস্য শেখ মোহাম্মত সালিম বলেন, নিজ ধর্ম বোঝার ক্ষেত্রে মুসলমানদেরকে আরও অনেক বেশী সহনশীল হতে হবে৷ একইসঙ্গে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে অন্যান্য ধর্মের মধ্যে যে ভুল ধারণা রয়েছে তাও দুর করতে হবে৷
প্রসঙ্গত, দুই বছর আগে পোপ বেনেডিক্টের একটি বক্তব্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিলো গোটা মুসলিম বিশ্বে৷ পরে তুরষ্ক সফরে গিয়ে পোপ বেনেডিক্ট তার বক্তব্যের ব্যাখ্যা দিলে পরিস্থিতির উন্নতি হয়৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় ধর্মের নেতৃবৃন্দ পরষ্পরের মধ্যে আলোচনার জন্য ক্যাথলিক মুসলিম ফোরাম গঠন করতে রাজী হন৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড এর সঙ্গে পোপ
এদিকে অন্যান্য ধর্ম ছাড়াও খ্রিষ্টীয় ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পোপ বেনেডিক্ট৷ তিনি এসময় বিভিন্ন খ্রিষ্টীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন৷ বিভিন্ন চার্চের মধ্যে ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে আগত যাজকদের উদ্দেশে তিনি বলেন, আশা করি আপনারা একমত হবেন যে চার্চগুলোর ঐক্য আন্দোলন বর্তমানে একটি কঠিন সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে৷
ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা ছাড়াও পোপ বেনেডিক্ট যুব ক্যাথলিকদের এ উত্সবে অংশ নেন৷ এসময় কয়েকশ তরুন তরুণীর অংশ গ্রহণে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি অভিনয় করে দেখানো হয়৷
উল্লেখ্য এই যুব উত্সবের মধ্যে শুক্রবারও পোপের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে৷ পাদ্রীদের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের সমর্থক সংগঠন ব্রোকেন রাইটস এর কর্মীরা সেন্ট ম্যারিস ক্যাথেড্রালের বাইরে বিক্ষোভ করে৷ তবে পুলিশের বাধায় তাদের সে প্রতিবাদ বেশীক্ষন টিকতে পারেনি৷














