আপনাদের মতামত | 05.08.2008
জুলাই মাসের সেরা চিঠি
''জ্ঞান-বিজ্ঞান পর্বে শুনলাম, ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্পর্কে বিষদ আলোচনা৷ তথ্য প্রযুক্তির বিশালায়তন ও প্রচুর ব্যবহারে এ যুগে ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ইন্টারনেট আরো গতিশীল এবং কম খরচে ব্যবহার উপযোগী হিসাবে স্হান করে নিবে৷''
আমরা ক্লাব সদস্যবৃন্দ নিয়মিত ডয়চে ভেলে শুনে চলেছি৷ বর্তমানের পরিবেশনাগুলি নিয়ে কিছু কথা জানাতে চাইছি৷ প্রচারিত প্রতিটি আয়োজনই বিশ্বমানের হচ্ছে৷ আপনাদের অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হচ্ছে বলে আমরা মনে করি৷
আমরা আরো জানাতে চাই আপনাদের প্রচারিত আয়োজনগুলো অন্যান্য বেতার অপেক্ষাও শ্রেষ্ঠত্বের দাবী রাখে৷ বিশেষ করে ফিচার পর্বগুলি৷ কিন্তু সমসাময়িক সংবাদসহ সাময়িকী রিপোর্টগুলি আরও ভাল ও তীক্ষ্ণ পর্যবেক্ষণমূলক হওয়া উচিত্৷
জার্মানি - ইউরোপ ডয়চে ভেলের অন্যতম পর্ব৷ এই পর্বের মাধ্যমে আমরা আইন কানুন, অর্থবিত্ত, কারেন্সীতে এমন কি মন মানসে ২৭টি পরিবারের একটি গ্রাম হিসেবে দেখতে পাই৷ খুবই গুরুত্বপূর্ণ এই পর্বের মাধ্যমে এক ইউরোপের রীতি নীতি , আইন প্রণয়ন নিয়ে বিস্তারিত আপনারা নিয়মিত আপনাদের ধারা অনুযায়ী প্রচার করে যাচ্ছেন, যেটা আমরা ভীষণভাবে উপভোগ করে চলেছি৷ আর এই ঐক্যের ফলে যে সুফল ফলছে তার ঈর্ষনীয় অগ্রগতিতে আমরা আনন্দিত৷
এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান পর্বে আমরা শুনলাম, ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্পর্কে বিষদ আলোচনা৷ তথ্য প্রযুক্তির বিশালায়তন ও প্রচুর ব্যবহারে এ যুগে এই ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ইন্টারনেট প্রযুক্তি আরো গতিশীল আরো সংবেদনশীল আরো কম খরচে হিসাবে নিজে স্হান করে নিবে বলে আপনারা শোনালেন৷ আমরাও ভীষণ উপকৃত হলাম বিষয়টি জানতে পেরে৷
সত্যি বলতে কি ডয়চে ভেলের ফিচার পর্বগুলি ধীরে ধীরে মানুষের দৈনিক জীবনের অত্যন্ত প্রযোজনীয় ও অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হচ্ছে৷
সুধী সমাজ তার অতি সুন্দর সমাজ সচেনতা, জ্ঞান ধর্মী আয়োজন নিয়ে তর তর করে এগিয়ে চলেছে এক সুদুর গন্তব্যে ৷ আমরা উপভোগ করে চলেছি সুধী সমাজের বক্তব্য৷ এ সপ্তাহেও তার ব্যতিক্রম ছিলোনা৷ আমর জানলাম প্রচার মাধ্যম কেমন ভাবে দেশে তথা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে৷
আমি অভিযোগ করেছিলাম ফিচারপর্বের আলোচনাগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, আপনারা অস্বীকার করলেন৷ কিন্তু এ সপ্তাহের নন্দন পর্বে অত্যন্ত স্বল্প পরিসরে যে ভাবে রুনা লায়লা নামের একজন ভূবন বিখ্যাত সঙ্গীত শিল্পীর সাক্ষাত্কার প্রচারিত হলো সেটা কতটুকু যুক্তিযুক্ত হলো ? এটা কি অসম্পূর্ণ পরিবেশনা নয় ?
মোনালিসা পর্বে ৪০টি দেশের নারী সম্মেলনে উপস্হিত বিশ্ব নারী ফোরামের নেত্রীবৃন্দের বৈঠকে নারীদের নিজ পায়ে দাঁড়ানোর উপর বিস্তারিত ব্যাখ্যাসহ এর সফলতা সম্পর্কে অবগত হলাম বিস্তারিতভাবে৷ এছাড়া সমাজে সবচেয়ে বড় ব্যাধি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কে সালমা আলীর সাক্ষাত্কার শুনলাম৷ সময়ের দাবী মেনে নিয়ে আজকের আয়োজনটি সাজানোর জন্য ধন্যবাদ৷ এই সামাজিক ব্যাধিকে সমাজ থেকে বিতাড়নের জন্য কিছু বক্তব্য থাকা উচিত্ ছিলো৷ আয়োজনটিতে সেদিকের কোন দিক নির্দেশনা এলোনা৷ বিশ্বাস পরবর্তীতে এ বিষয়টি নিয়ে আয়োজন সাজাবেন৷
১১ জুলাই সাময়িকী পর্বে বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে পরিবেশনাটি তথ্য সমৃদ্ধ৷ কেমনভাবে এক দম্পতি এক সন্তান গ্রহণের মতো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তার বিস্তারিত তথ্যাবলী শুনলাম৷ বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্বের কথা বিবেচনা করে এই দিনের বিশেষ আয়োজন খুবই তাত্পর্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি৷
আপনাদের বিশেষ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানগুলো খুবই সুন্দর, মনোমুগ্ধকর ও তথ্যসমৃদ্ধ হয়ে থাকে৷ কিছু কিছু বিশেষ দিবসে আপনারা দিবসটি উপলক্ষে অনুষ্ঠান করতে একেবারেই ভুলে যান৷ কিছুদিন আগেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কিছু প্রচার না করে খুব সম্ভবত পরবর্তী নন্দনে প্রচার করলেন৷ আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনটিও সেভাবে মনে করা হয়নি ৷
আমরা বেশ কিছুদিন যাবত ভয়েস মেল করা বাদ দিয়েছি৷ ভয়েস মেল পাঠানোর পর যদি সেটা বাজানো না হয় বা প্রাপ্তিস্বাকার করা না হয় তাহলে পাঠানোর কোন যুক্তিই নেই৷
বিকাশ রঞ্জন ঘোষ, সন্ধ্যা মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷










