সমাজ জীবন | 22.08.2008
শেষ হলো কুইন রানিয়ার ইউটিউব প্রজেক্ট
আরব বিশ্ব আর মুসলমানদের নিয়ে নানা বিভ্রান্তি আছে পশ্চিমাদের মধ্যে৷ অনেকের গতবাঁধা ধারণা ইসলাম মানেই বুঝি রক্ষণশীলতা, উগ্রবাদ আর সহিংসতা৷
আর এই ভ্রান্তি দূর করতেই জর্ডানের রানী, কুইন রানিয়া বিশ্বখ্যাত ভিডিও ওয়েবসাইট ইউটিউবে চালু করেন একটি চ্যানেল৷ সত্য ধর্মটা তুলে ধরে ইসলামের সঙ্গে পশ্চিমাদের সেতুবন্ধ গড়াই ছিলো কুইন রানিয়ার ৫ মাসের ওই প্রকল্পের লক্ষ্য৷ ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসেই শেষ হলো রানীর এই উদ্যোগ৷ তিনি জানালেন, এর মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা হলেও পরিবর্তন আনতে পেরেছেন তিনি৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: রানী রানিয়া প্রমান করলেন ইন্টারনেটকে ইসলাম ধর্মের স্বপক্ষে ব্যবহার করা সম্ভব
শান্তি, সৌহার্দ্য আর সহনশীলতা- এই তো ইসলাম৷ তবে শান্তির এই ধর্ম নিয়ে বিশেষ করে পশ্চিমাদের মধ্যে কতো না ভ্রান্তি৷ ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর পশ্চিমাদের বদ্ধমূল ধারণাই হলো, মুসলমানরা বুঝি সন্ত্রাসী৷ তবে সন্ত্রাসবাদ যে ইসলামে নেই সেই সত্যটা তো তুলে ধরতে হবে! তাই ইসলাম আর আরবদের নিয়ে ছক বাঁধা ধারণা ভাঙতেই ইউটিউবকে সঙ্গী করেন কুইন রানিয়া৷ এই প্রসঙ্গে তিনি জানান, গত কয়েক মাসে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে অনেক মতামত শেয়ার করেছি৷ জেনেছি নতুন অনেক অভিজ্ঞতার কথা৷ অনেক প্রশ্নও এসেছে৷ সঠিক উত্তরটি দেয়ার চেষ্ট করেছি৷ ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সঠিক ধারণা দেয়ার দায়িত্ব কিন্তু এখন আপনাদেরও৷
ইসলাম আর মুসলমানদের সম্পর্কে নানা জনের নানা মত মুক্তভাবে প্রকাশ এবং নানা প্রশ্ন করতে ভিজিটরদের আহ্বান জানিয়েছিলেন মানবাধিকার কর্মী জর্ডানের এই রানী৷
তাঁর ডাকে সাড়াও পড়ে প্রচুর৷ কেউ তুলে আনে মুসলমানদের সহিংস রূপ৷ নারী নির্যাতনের চিত্র৷ আবার কেউবা ফুটিয়ে তুলেছে মুসলমানদের সৌহার্দ্যকে৷ মুসলিম নারীদের অগ্রযাত্রার কথা৷ উঠে এসেছে মহাকাশে পা রাখা ইরানী নারী আনুশেহ-এর কথাও৷ কেউ বর্ণনা করেছে শুধু মুসলমান হওয়ার কারণে পশ্চিমা দেশে নিরন্তর হয়রানির অভিজ্ঞতা৷ জানা গেছে উন্নত আর অসাম্প্রদায়িক দেশেও বৈষম্যের শিকার মুসলমানদের করুণ কাহিনী৷ রানিয়া জানান, এখনও অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের এই পবিত্র ধর্ম সম্পর্কে৷ আমার বিশ্বাস আমরা সবাই মিলে সুন্দর এই ধর্মের ভাবমূর্তি গোটা বিশ্বের সামনে উজ্জ্বল করতে পারবো৷
নানা জিজ্ঞাসার উত্তর দিয়ে পশ্চিমা তরুণদের কাছে সত্য সুন্দর আর আধুনিক ধর্মটি তুলে ধরেন সফল মুসলমান নারীর প্রতীক কুইন রানিয়া৷
৫ মাসে ওয়েবপেজটির সফলতাও অনেক৷ এই সাইট ভিজিট করেছে ২০ লাখ মানুষ৷ রানীও সন্তুষ্ট৷ কারণ, ইসলাম সম্পর্কে অনেক অমুসলিম তরুণই এখন নতুনভাবে ভাবতে শিখেছে৷ ধর্মটি যে শান্তির লাখ লাখ মানুষকে সেটি বুঝানো গেছে এই চ্যানেলের মাধ্যমে৷














