সমাজ জীবন | 29.08.2008
লড়াকু এক নারীর কাহিনী
উত্তর ভারতের প্রত্যন্ত এক গ্রামে রেহানা নামের এক মহিলা লড়াই চালিয়েছেন ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে৷ তাঁকে নিয়ে তৈরী হয়েছে ফিল্ম৷
রক্ষণশীল উত্তর ভারতীয় এক গ্রামে জন্মেছিলেন তিনি৷ বিদ্যে ক্লাস এইট পর্যন্ত মাত্র৷ পারিবারিক রক্ষণশীলতা এবং দারিদ্র, এই দুইয়ের চাপে আর এগোয় নি পড়াশোনা৷ এরপরই বিয়ে৷ সেও এক রক্ষণশীল পরিবারে৷
স্বামীর বাড়িতে প্রথম থেকেই অত্যাচার, অপমান আর ধর্মীয় সংকীর্ণতার মুখোমুখি হন রেহানা বেগম৷ তাঁকে মানতে বাধ্য করা হতে থাকে পদে পদে অসংখ্য কুসংস্কার৷ ইতিমধ্যে দুই কন্যার জন্ম হয়, তাতেও তাঁর ওপর দুর্ব্যবহার আর অত্যাচারের মাত্রা কমেনি৷ বরং আরও বেড়ে চলে সেইসব৷ শেষপর্যন্ত যাবতীয় সংস্কার আর ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে রুখে দাঁড়ান রেহানা বেগম৷ দুই কন্যাকে সম্বল করে ঘর ছাড়েন ৷ সমস্ত গ্রাম একঘরে করে তাঁকে৷ কিন্তু তিনি হাল ছাড়েন নি৷ বৃত্তিমূলক কাজ করে নিজের চেষ্টায় শুরু করেন দুই কন্যাকে পড়াশোনা শেখাতে ৷
যাবতীয় সংকীর্ণতা, অন্ধ কুসংস্কার কাটিয়ে নিজের জেদটুকুকে সম্বল করে ক্রমশ তিনি হয়ে উঠতে থাকেন এক দৃষ্টান্ত৷ যারা একদিন তাঁকে একঘরে করেছিল, আজ সেই গ্রামই শুধু নয়, গোটা দেশের মানুষ মাথায় তুলে নিয়েছে রেহানাকে৷ সংকীর্ণতা আর অন্যায় আচরণের বিরুদ্ধে কীভাবে লড়াই চালাতে হয়, তাই শিখিয়েছেন এই একা নারী ৷
এহেন রেহানা বেগমকে বিষয় করে বাস্তব জীবনভিত্তিক একটি ডক্যু ফিচার তৈরী করেছেন দুই বঙ্গললনা গার্গী আর প্রিয়াংকা৷ জার্মানীর স্টুটগার্ট শহরের বলিউড এন্ড বিয়ন্ড ফেস্টিভ্যালে সে ছবি আদৃত হয়েছে, পেয়েছে দর্শকদের প্রশংসা আর অভিনন্দন৷ রেহানা ইন কোয়েস্ট ফর ফ্রিডম নামের এই ছবিটির কথা এবং রেহানার লড়াইয়ের কথাও জানিয়েছেন দুই বাঙালিনী৷ সেতুবন্ধের আয়োজন তাই এই রেহানাকে নিয়েই৷














