সমাজ জীবন | 01.09.2008
জার্মান নাগরিকত্বের পরীক্ষা চালু হল
সোমবার থেকে জার্মানিতে নাগরিকত্বের বহুল আলোচিত পরীক্ষা চালু হল৷ আবেদনকারী যে কোন বিদেশীকে এখন থেকে জার্মান পাসপোর্ট পেতে হলে এ দেশের রাজনৈতিক ব্যবস্থা, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের প্রমাণ দিতে হবে৷
মোট ৩১০টি প্রশ্ন৷ প্রতিটি পরীক্ষার জন্য বেছে নেয়া হবে ৩৩টি মাল্টিপেল চয়েস প্রশ্ন৷ ১৭টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে৷ ফেডারেল জার্মান প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যারা জার্মানির নাগরিক হতে চাইবেন তাদের এখন থেকে জার্মানি সম্পর্কে জ্ঞান থাকতেই হবে৷ তাদের দেখাতে হবে যে জার্মানির আইন ও সমাজ ব্যবস্থা, জার্মানদের জীবন ধারা ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান তাদের আছে৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: জার্মানিতে বসবাসরত তুর্কীদের সংখ্যা ১৭ লাখ
জার্মানিতে অঙ্গরাজ্যের সংখ্যা কটি (১৬টি), ফেডারেল জার্মান প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় (১৯৪৯ সালে), জার্মান চ্যান্সেলরের নাম কি (আঙ্গেলা ম্যার্কেল) - এ ধরনের সব প্রশ্ন রয়েছে তালিকায়৷ দু একটি প্রশ্ন নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা৷ যেমন আবেদনকারী যে-রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের প্রতীকী কোট অফ আর্মস কী, তা চিহ্নিত করতে হবে একাধিক ছবি দেখে৷
এই পরীক্ষার লক্ষ্য হল জার্মানিতে বসবাসরত বিদেশীদের এখানকার সমাজে আরো ভাল করে একীভূত করার পথ প্রশস্ত করা৷ পাশ না করলে পরীক্ষা আবার দেয়া যাবে৷ আবেদনকারী সব কটি প্রশ্ন আগেভাগে আনিয়ে প্রস্তুতি নিতে পারে৷ জার্মান নাগরিকত্বের সফল আবেদনকারীদের অবশ্যই জার্মান ভাষার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, কোন রকমের ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না এবং জার্মানিতে তাদের অন্তত আট বছর বৈধভাবে বাস করতে হবে৷
জার্মান নয় এমন মানুষের সংখ্যা এদেশে ৬৭ লাখ৷ তার মধ্যে ২৩ লাখ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আগত৷ জার্মানিতে বসবাসরত তুর্কীদের সংখ্যা ১৭ লাখ৷
কিছু অভিবাসী সংগঠন, বিরোধী দল ও শ্রমিক ইউনিয়ন এই পরীক্ষার সমালোচনা করেছে৷ তারা মনে করে, এই পরীক্ষার মধ্য দিয়ে জার্মান নাগরিকত্ব পাওয়ার পথে আরো বড় বাধা তৈরি করা হল৷ অথচ দক্ষ বিদেশী কর্মী জার্মানির প্রয়োজন, বলছেন তাঁরা৷
জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্দেস্তাগের স্বরাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান সামাজিক গণতন্ত্রী দল এসপিডি-র সাংসদ সেবাস্টিয়ান এডাথি এই পরীক্ষার প্রশ্নমালা ঢেলে সাজানোর দাবি করেছেন৷ তাঁর মতে কিছু প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ঘটবে৷ এডাথি এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন৷
জার্মান সরকারের ইন্টিগ্রেশন বিষয়ক কর্মকর্তা মারিয়া ব্যোয়েমার অবশ্য জোর দিয়ে বলেছেন, নাগরিকত্বের এই পরীক্ষা বিদেশীদের এ দেশের সমাজে আরো ভালভাবে সম্পৃক্ত করার সহায়ক হবে৷














