| 09.07.2008 | 01:00 UTC
ভারতের ইউ পি এ সরকার থেকে সমর্থন তুলে নিল বামেরা
সমর্থন তুলে নিল চার বামদল৷ ভারতের ইউ পি এ জোট সরকারকে বাইরে থেকে সমর্থন জানানোর সাড়ে চার বছরের মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে আজই৷ আজ দুপুরে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারীভাবে জানাবে বামেরা৷ আই এ ই এর সঙ্গে ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি সম্পাদন করার বিষয়ে প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং তাঁর সিদ্ধান্ত জি এইট সম্মেলনে পৌঁছে জানিয়ে দেবার পর বামেদের এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল৷ এর অর্থ সংসদে আস্থাভোটের মুখোমুখি হবে সরকার৷ তবে সরকার পড়ে যাবার কোনো সম্ভাবনাই দেখছেন না মনমোহন৷ কারণ ইতিমধ্যেই বহুজন সমাজবাদী এবং সমাজবাদী পার্টি সহ বেশ কিছু নির্দল ও অন্যান্য ছোটদলের সমর্থন আদায়ে তিনি সফল হয়েছেন৷ বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে ভোটর রাজনীতিতে বরং সর্বভারতীয় ক্ষেত্রে বেকায়দায় পড়বেন বামেরাই৷ আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের এই সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে ভোটারদের কাছে৷







