| 08.10.2008 | 01:00 UTC
অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় একমত হয়েছ ই.ইউ.
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটে, বিশ্বের বড় ব্যাংকগুলিকে পতনের হাত থেকে রক্ষা করতে একমত হয়েছেন৷ ইউরোপীয় ইউনিয়নের অর্থ বিষয়ক কমিশনার জোয়াকিন আলমুনিয়া জানিয়েছেন, যে এই ধরনের সংকট নিরসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন তার আর্ন্তজাতিক সহযোগীদের সঙ্গে আলোচনা করবে৷ মঙ্গলবার লুক্সেমবুর্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের এক জরুরি বৈঠকে ঘোষণা করা হয়, যে আগামী ১ বছরের জন্য সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত সঞ্চয়ের গ্যারেন্টি দেবে ই.ইউ.-র ২৭-টি সদস্য দেশ৷ ফরাসী অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্ডে জানান এ-তথ্য৷
বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলায় ম্যার্কেল
বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলায়, পার্লামেন্টে একটি বিশেষ ভাষণ দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সেখানে সমবেত সাংসদদের ম্যার্কেল জানান, যে জার্মান সরকার ইতিমধ্যেই ১ লক্ষ কোটি ইউরো অঙ্কের সঞ্চিত অর্থ গ্যারেন্টি ঘোষণা করেছে৷ আর এই গ্যারেন্টি, শুধু সাধারণ সঞ্চয়কারীদের জন্য৷ তাই সাধারণ সঞ্চয়কারীরা যাতে নিরদ্বীধায় ব্যাংকে অর্থ মজুত রাখেন, তার জন্য আশ্বাস দেন ম্যার্কেল৷ তিনি আরও বলেন : আন্তর্জাতিক অর্থ-বাজারের অবস্থা সত্যিই সঙ্কটজনক৷ বিশ্ব অর্থ-ব্যবস্থায় এর আগে এমন দুর্যোগ আসেনি৷ তাই প্রশ্ন উঠতে পারে, যে এর জন্য দায়ী কারা ? স্বাভাবিকভাবেই, এর জন্য দায়ী দায়িত্বজ্ঞানহীন বিনিয়োগ এবং অর্থব্যবস্থার সামগ্রিক অচলাবস্থা৷
থাইল্যান্ডে সরকারের পদত্যাগের দাবিতে সংঘর্ষ
থাইল্যান্ডে সরকারের পদত্যাগের দাবিতে, পার্লামেন্টের বাইরে সরকারবিরোধী বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যকার ব্যাপক সংঘর্ষে মঙ্গলবার নিহত হয়েছে কমপক্ষে দু-জন৷ আহত হয়েছে পুলিশসহ চারশ-রও বেশি মানুষ৷ বিক্ষোভ চরম আকার ধারণ করলে, রাজধানী ব্যাংককে সেনা মোতায়েন করা হয়৷ এছাড়াও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ৷ এদিকে, সংঘর্ষের ঘটনার দায়ে থাই উপ-প্রধানমন্ত্রী চাভালিত ইয়ংচাইয়ুধ পদত্যাগ করেছেন বলে প্রকাশ৷
আফগানিস্তানে জার্মান বাহিনীর মেয়াদ ১৪ মাস বাড়লো
আফগানিস্তানে মোতায়েন জার্মান সেনাবাহিনীর মেয়াদ আরও ১৪ মাস বাড়ানো হয়েছে৷ মঙ্গলবার জার্মানীর মন্ত্রীসভা বিষয়টি অনুমোদন করে৷ একই সঙ্গে আফগানিস্তানে অবস্থিত ন্যাটো নিয়ন্ত্রিত বাহিনীতে, আরও এক হাজার জার্মান সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির মন্ত্রী-পরিষদ৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার এর কারণ হিসেবে জানান : প্রথমত, ২০০১ সালে আমরা যে জন্য সেনা মোতায়ন করি - সেই কাজ এখনো শেষ হয়নি৷ অর্থাত্, তালেবানরা থেকে গেছে আফগানিস্তানে৷ দ্বিতীয়ত, আফগানিস্তানের মানুষদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে৷ এবং তৃতীয়ত, সেই কাজ শেষ না করে আমরা কিছুতেই পিছু পা হতে পারি না৷ তবে বিষয়টি জার্মান মন্ত্রী-পরিষদ অনুমোদন করলেও, এবার এটি সেদেশের সংসদে আলোচিত হবে৷ কিন্তু, ক্ষমতাসীন জোটের বড় দুটি দলই বিষয়টি সমর্থন করায়, এখন তা সংসদে পাশ হওয়া সময়ের ব্যাপার মাত্র৷ প্রসঙ্গত, বর্তমানে প্রায় সাড়ে ৩ হাজার জার্মান সেনা মোতায়েন রয়েছে আফগানিস্তানে৷
অভিযুক্ত ১৪ জন-কে মুক্তি দিল স্পেন
স্পেনের সুপ্রিমকোর্ট মঙ্গলবার ২০০৪ সালের জঙ্গী হামলার অভিযোগে আটক করা ১৪ জন অভিযুক্তকে মুক্তি দিয়েছে৷ এদের মধ্যে ইসলামী দলের নেতা আবদেররেহমানে তাহিরি অন্যতম৷ অক্টোবর ২০০৪-এর ঐ বোমা-হামলার পর, ৩০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ যাদের মধ্যে বেশিরভাগই ছিল মরোক্কো এবং আলজেরিয়ার মানুষ৷
নির্বাচনের সময় জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে না
আগামী নভেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের সময়, জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার৷ এ-ব্যাপারে উপদেষ্টা ড. হোসেন জ়িল্লুর রহমান বলেছেন, যে ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রে তাদের উপস্থিতি নিশ্চিত্ করতেই জরুরি অবস্থা অপিহার্য৷ এদিকে, গত কয়েকমাসে শতাধিক রাজনীতিককে জামিন দেওয়ায়, বহুল আলোচিত বিচারপতি - শরিফউদ্দিন চাকলাদার ও ইমদাদুল হক-আজাদের ক্ষমতা পরিবর্তন করা হয়েছে৷ মঙ্গলবার প্রধান বিচারপতি এম.এন.রুহুল আমীন হাইকোর্টের ৩০-টি বেঞ্চ পুর্নগঠন করে এই সিদ্ধান্ত নেন৷
গুজরাটকেই বেছে নিয়েছে টাটা মটরস লিমিটেড
ন্যানো গাড়ি তৈরীর জন্য শেষ পর্যন্ত গুজরাটকেই বেছে নিয়েছে টাটা মটরস লিমিটেড৷ এ-বিষয়ে মঙ্গলবার বিকেলে বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রতন টাটা৷ শোনা যাচ্ছে, যে আহমেদাবাদ থেকে ২৫ কিলোমিটার দূরে ন্যানোর কারখানা তৈরী করা হবে৷ এদিকে, সিঙ্গুর ছেড়ে ন্যানো কারখানা চলে যাওয়ার প্রতিবাদে, টাটার পরিত্যক্ত কারখানার সামনে আমরণ অনশনে বসছেন সিঙ্গুর সিন্ডিকেটের সদস্যরা৷
অর্থনৈতিক সংকটে জর্জরিত আইসল্যান্ডও
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটে জর্জরিত এবার আইসল্যান্ডও৷ কারণ, প্রথমে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের দেউলিয়া হয়ে যাবার মতো অবস্থা সৃষ্টির পর, এবার একই অবস্থার মধ্যে পড়েছে আইসল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটিও৷ তাই পরিস্থিতি সামাল দিতে, আইসল্যান্ড সরকার রাশিয়ার কাছে ৪০০ কোটি ইউরো সহায়তা চেয়েছে৷ কিন্তু, মস্কো সাফ জানিয়ে দিয়েছে, যে তাদের পক্ষে এই অর্থ দেওয়া কোন ভাবেই সম্ভব নয়৷ এদিকে, এই সংকটময় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংক লান্ডসব্যাংকির মালিকানা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আইসল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ-তথ্য৷
দক্ষিণ ওসেটিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া
আগামী ২৪ ঘন্টার মধ্যে জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হবে বলে রুশ সেনাবাহনীর কর্মকর্তা জেনেরাল কুলাকমেটভ জানিয়েছেন৷ তবে আরেক বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়া থেকে কবের মধ্যে সেনা সরানো হবে, এ-ব্যাপারে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি৷






